রাজধানীর বনানীতে শুক্রবার ন্যাম ভিলেজের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন গৃহবধূ শাহানা খানম ও দুই গৃহকর্মী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বনানী চেয়ারম্যান বাড়ি ন্যাম ভিলেজের ৪ নম্বর ভবনের তৃতীয় তলায় বি-২ ফ্ল্যাটে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, শাহানা খানম দুই গৃহকর্মীকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ফলস সিলিংসহ বিভিন্ন দাহ্য আসবাবপত্রে তা ছড়িয়ে পড়ে। এ সময় ফলস সিলিংয়ের জ্বলন্ত অংশ শাহানা খানমের ওপর পড়ে। এতে তার শরীরের ৬৫ ভাগ পুড়ে যায়। এছাড়া দগ্ধ হয়েছেন গৃহকর্মী রোমানা আক্তার ও কর্মচারী হাবিবুর রহমান।
