সংবাদপত্রের কাগজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ হচ্ছে

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২৪
সংবাদপত্রের কাগজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের নিদের্শনার পরিপ্রেক্ষিতে সমপ্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর শীঘ্রই এ বিষয়ে আদেশ (এসআরও) জারি করা হবে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সংবাদপত্রের আমদানি শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে এর আগে এনবিআরকে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ওই চিঠিতে এ শিল্পের কাগজ আমদানি শুল্ক কমাতে এনবিআরকে করণীয় ঠিক করতে বলা হয়। এছাড়া বর্তমানে সংবাদপত্র শিল্পের কাগজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনতে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ রয়েছে। এর আগে মন্ত্রিসভা কমিটিও শুল্ক অর্ধেক কমানোর সুপারিশ করে।