বগুড়া ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাজীপুর
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ১নং গেটের সামনে গতকাল শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রৌদ্রপুর গ্রামের কাওসার হোসেন (৩৫), শ্রীপুরের শিরিরচালা গ্রামের জমির উদ্দিন (৬০), কিশোরগঞ্জ কটিয়াদীর বাইরহাটি গ্রামের শামীম (৩০) ও বগুড়ার বালুরহাট গ্রামের আরিফুল ইসলাম (২৫)। আহতরা হলেন ময়মনসিংহের তারাগঞ্জের আসিয়া গ্রামের আবদুল গনির ছেলে ওবায়দুল কাদের, গাজীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ির ওসমান গনির ছেলে নয়ন, বাদশা মিয়ার ছেলে শ্যামল, শ্রীপুরের মাধখোলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আরিফ, ইস্কান্দর আলীর ছেলে ইব্রাহীম, আবদুল আজিজের ছেলে তৌফিক, মাওনা এলাকার আবুল হোসেনের ছেলে হীরা এবং ভাওয়াল মির্জাপুর এলাকার বলাই কর্মকার (৪০)। গুরুতর আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
ঢাকাগামী কোচের ধাক্কায় মিনিবাসের ৩ জন যাত্রী নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের লাশ আত্মীয়-স্বজন নিয়ে গেছে এবং ঘটনাস্থলে অজ্ঞাত (৩৫) একজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে ৬ জন রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং ১৯ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় একটি সবজি বোঝাই ট্রাক উল্টে অজ্ঞাতনামা ৩ সবজি ব্যবসায়ী নিহত ও ৩ জন আহত হয়েছে।
এদিকে শহরের জামিলনগর এলাকায় আযিযুল হক কলেজের সামনে ট্রেনের ধাক্কায় মারা গেছেন আরও এক অজ্ঞাত বৃদ্ধ।
