সম্রাট হোসেন এমিলি আটক, পরে মুক্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩৫
এককালের তুখোড় ফুটবলার সম্রাট হোসেন এমিলিকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটায় শহরের খানপুর এলাকার নিজ বাসা থেকে এমিলিকে পুলিশ আটক করে নিয়ে আসে। এমিলির অভিযোগ, সকালে তাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করেছেন সাবেক এমপি শামীম ওসমান। মিডিয়ার কাছে এসব অভিযোগ করার কারণেই তাকে আটক করা হয়েছে। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন এমিলি। এছাড়া তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী মহসিন ক্লাবের নীতি-নির্ধারকদের একজন। জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক সম্রাট হোসেন এমিলি জানান, সকাল ৮টায় তিনি রিকশায় শহরের দিগু বাবুর বাজারের দিকে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সামনে এমিলির গতিরোধ করে কয়েকজন। তারা এমিলিকে নরায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ডেকে নিয়ে যায়। সেখানে শামীম ওসমান নিজেই এমিলির মুখে পিস্তুল ঠেকিয়ে চড়-থাপ্পড় মারেন এবং হুমকি দেন। তবে শামীম ওসমান সাংবাদিকদের বলেছেন, এমিলি একজন মাদকাসক্ত। সে আবোল তাবোল বকছে। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এমিলি সকালে রাইফেল ক্লাব ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে কয়েকটি রিকশা ভাংচুর করেন বলে খবর পাই। বিষয়টি জানতে তাকে ফোন দিলে উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেন। যেহেতু দিনটি স্পর্শকাতর এজন্য তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে শামীম ওসমান সকালে এমিলির সঙ্গে যে আচরণ করেছেন এ বিষয়ে এমিলি আমাকে আগে থেকে কিছু জানাননি। তাকে থানায় নিয়ে আসার পরে আমি বিষয়টি জানতে পারি। এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে উজ্জ্বলের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।