ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন স্থানে সাত খুন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১১
ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ফরিদপুর ফরিদপুর সদর কোতোয়ালী থানার মুন্সীডাঙ্গি গ্রাম থেকে গতকাল শনিবার সকালে শামসু মীর মালত (৭০) ও নার্গিস নাহার শেলী বেগম (৬০) নামে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসু মীর নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শামসু। ইউপি সদস্য ইছাহাক প্রামানিক জানান, সকাল ৯টার দিকে বাড়িতে কারো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বাড়িতে ঢুকে দেখেন শোবার ঘরে বিছানার ওপর শেলী বেগমের এবং পাশের ঘরে শামসুর গলাকাটা লাশ পড়ে রয়েছে। ফরিদপুর কোতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, জমির মালিকানা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হাকিমপুর (দিনাজপুর) হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে শমসের আলীর সাথে গ্রামবাসীর সংঘর্ষে মোরছালিন নামের এক মাদ্রাসা ছাত্র নিহত ও ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, দুই একর ৭৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন শমসের গংদের সাথে গ্রামবাসীর মামলা চলছিল। আদালত গ্রামবাসীর পক্ষে রায় ঘোষণা করার পরও ওই জমিতে শমসের ধান কাটতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের সিরাজুল ইসলাম, আসলাম আলী, হানিফ, আজাহার আলী, মফিজুল ইসলাম, রেজাউল, শমশের, আবুল, মোতারাজ, ছহির, শফিরউদ্দিন, মোরছালিন আহত হন। মোরছালিনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। মোরছালিন চকচকা রিকাবি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়া গ্রামে গত শুক্রবার চাচার শাবলের আঘাতে ভাতিজা লিপু (১৬) গত শনিবার ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, বাড়ির পাশে আবর্জনা ফেলা নিয়ে শুক্রবার বিকালে আকন্দবাড়িয়া গ্রামের রহমত আলী ও তার ভাই ফয়সাল, নওসাদ, রাহাত আলীর সংঘর্ষ বাঁধে। এতে রহমত আলীর দু’ছেলে লিপ্টন (১৮) ও লিপুকে (১৬) চাচা ফয়সাল শাবল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে লিপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জ আজিবপুর আইয়ুবনগর এলাকা থেকে গত শনিবার সকালে মাথাবিহীন এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নত আলী জিন্নাহ জানান, আইয়ুবনগরের পরিত্যক্ত ও নির্জন জায়গা থেকে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা। কালিয়াকৈর (গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গত শনিবার একটি লাগেজের ভিতর থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তার পড়নে ছিল লাল সূতি ছেলোয়ার ও লাল ছাপা কামিজ। থানায় মামলা হয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে গত শুক্রবার রাতে রোজী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে। জানা যায়, গত দুই বছর পূর্বে লালানগর ইউনিয়নের মোহাম্মদ জাভেদের সাথে রোজী আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রোজীর সাথে শ্বশুড়-শাশুড়ীর ঝগড়া লেগেই থাকতো। মাঝে মধ্যেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন চাপ দিতো। গত সপ্তাহেও দুই লাখ টাকা যৌতুক দাবি করে পরিবারের সকলে রোজীর ওপর শারীরিকভাবে নির্যাতন করে। মামলার তদন্ত কর্মকর্তা এস. আই. মুসলেম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের অভিযোগ রহস্যজনক প্রতিয়মান হলেও প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।