সাড়ে তিন লাখ টাকা জরিমানা
ইত্তেফাক রিপোর্ট
পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে শুরু হয়েছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। মাস জুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে মিরপুর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মিরপুর-১ এর প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করে।
এছাড়াও মিরপুর-২ এর মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
