বিএনপি জামায়াতের সাড়ে সাত হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৪৯
গত শুক্রবার রাজধানীর বাইরে সাতক্ষীরার দেবহাটা, নেত্রকোনার কলমাকান্দা, লক্ষ্মীপুরের রামগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারী ও ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের ওপর বিএনপি-জামায়াতের হামলার অভিযোগে এসব জায়গায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা প্রতিনিধি জানান, দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকায় শুক্রবার দুপুরে ১৮ দলীয় জোটের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে সহকারী পুলিশ সুপারের গাড়ি ভাংচুরের ঘটনায় সাড়ে ৪ হাজার নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর তোহিদুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় শুক্রবার গভীর রাতে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা সবাই অজ্ঞাত। তবে এ মামলায় একজন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হলেও তার নাম জানা যায়নি। নেত্রকোনা প্রতিনিধি জানান, কলমাকান্দা থানার পুলিশের ওপর গত শুক্রবার বিকালে হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের এবং সম্পাদক ও রংছাতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খান পাঠানসহ সাত শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত শুক্রবার গভীর রাতে পুলিশের এসআই দেওয়ান আনোয়ার হোসেন এই মামলাটি করেন। এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আতংকে নেতা- কর্মীরা পলাতক। রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, রামগঞ্জ শহরের নূরপ্লাজা চত্বর, ট্রাফিক চত্বর ও কলেজ রোডে শুক্রবার বিকালে ১৮ দলীয় জোট, পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম ভিপিসহ বিএনপি-জামায়াত শিবিরের ৫ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধা প্রদানে থানার এস আই শেখ শওকত বাদী হয়ে মামলাটি করেন। পঞ্চগড় প্রতিনিধি জানান, আটোয়ারীতে গত শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপিসহ ১৮ দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার আটোয়ারী থানার উপ পরিদর্শক রাজু সরকার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান আবদারসহ ২৭ জন নেতা-কর্মীর নামে এবং ২৫০ থেকে ৩শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার ঘটনার সময় আটক ৭ জনকে ঐ মামলায় আসামি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে বোদা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক বাদী হয়ে গতকাল শনিবার সকালে বোদা থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ সাকোয়া বাজারে অভিযান চালিয়ে সবুজ আলী মোল্ল¬া (২৯) ও বাবুল ওরফে ঝেল¬া মুন্সি (৪৫) নামে জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে গত শুক্রবার বিকালে বিএনপির সমাবেশকে কেন্দ করে আওয়ামী লীগ-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এসআই অহিদুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় এই মামলা দায়ের করেন। মামলায় লংগাইর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদসহ ২৮ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরো ১২শ অজ্ঞাতনামা বিএনপি দলীয় নেতা-কর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, বিএনপি-শিবিরের মিছিলে গত শুক্রবার বোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং দোকান ভাংচুরের ঘটনায় ১৮৯ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশবাদী এই মামলায় ৩৯ জন নামীয় আসামি করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, গত শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের জেরে কসবা থানায় পুলিশবাদী দুই মামলায় এজাহার নামীয়সহ তিন শতাধিক অজ্ঞাত বিএনপি-জামায়াত কর্মীকে আসামি করা হয়েছে। কসবা থানা পুলিশ গতকাল শনিবার অভিযান চালিয়ে উপজেলার চারুয়া গ্রাম থেকে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসে।