নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নীতিনির্ধারণীসহ প্রশাসনের স্বাভাবিক সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংবিধান সংশোধন বা ভিন্ন কোন নির্দেশনা না দেয়া হলে প্রশাসনের পক্ষে নীতিনির্ধারণী কার্যক্রম গ্রহণ, বাস্তবায়নে কোন বাধা নেই।
গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভুঁইয়া ইত্তেফাককে এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণ থেকে নির্দেশনা নিতে হবে। তার এর আগের কোন বক্তব্য এখন আর প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, জাতির উদ্দেশে দেয়া ভাষণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সভায় জানিয়েছিলেন, ২৫ অক্টোবর থেকে সরকার দৈনন্দিন কাজ করবে কোন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না। সে সময় তিনি এও বলেছিলেন যে, ২৫ অক্টোবরের পর জাতীয় সংসদের অধিবেশন বসবে না।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান বা বিদ্যমান কোন আইনে নীতিনির্ধারণী কোন সিদ্ধান্ত গ্রহণে বাধা নেই। এমনকি মন্ত্রিসভার বৈঠকেও এমন সিদ্ধান্ত নেয়া যেতে পারে। তবে আইন কিংবা সংবিধানে বাধা না থাকলেও ভারতে নির্বাচনী তফসিল ঘোষণার পর বিদ্যমান সরকার নীতিনির্ধারণী কোন সিদ্ধান্ত নেয় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের আলোকে উত্তরসূরী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সব ধরনের কার্যক্রম বৈধ এবং সে অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীরা সকল নির্দেশনা মেনে চলতেও বাধ্য।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার যদি ভিন্নরূপ নির্দেশনা দেন তাহলে সেভাবেই কাজ করবে প্রশাসন। তবে এখন পর্যন্ত আলাদা কোন নির্দেশনা তিনি পাননি বলে জানান।
