ভাংচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫১
ভাংচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় রাজশাহী থেকে ঢাকাগামী সকল বাস গতকাল শনিবার থেকেই বন্ধ করে দিয়েছে বাস মালিকরা। গতকাল দুপুর ১টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। রাজশাহী বাস কাউন্টার মাস্টার সমিতির সভাপতি শহিদুল হক সুমন জানান, এর আগে দেখা গেছে হরতাল শুরুর আগেই বাসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাই নিরাপত্তার অভাবে হরতালের আগের দিন দুপুর থেকে যে বাসগুলো সন্ধ্যায় ঢাকায় পৌঁছতো সেসব বাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালিকরা। দুপুর একটার পর যে সব বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল তা যাত্রীদের কাছ থেকে ফেরত নেয়া হয়। তিনি আরো বলেন, গতকাল সকাল ৭টা পর্যন্ত সব ধরনের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকেও ঢাকাগামী বাস বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে বাসে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন বেকায়দায়। যাত্রী এমদাদুল হক খান ও রুবি ইয়াসমিন জানান, ঢাকার যাবার জন্য অগ্রিম টিকিট কেটেছিলাম। কিন্তু আমাদের টিকিট ফেরত নেয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত নিরাপত্তার কোন সমস্যা নেই। ঢাকায় প্রবেশের পর বাসে হামলা হতে পারে এমন-আশঙ্কায় মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে যে সব যাত্রী বাসে যেতে পারেননি তাদের অনেকেই ট্রেনে যাচ্ছেন বলে তিনি জানান।