চট্টগ্রামে হরতালের ব্যাপক প্রস্তুতি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫১
চট্টগ্রামের প্রতিটি এলাকায় কঠোর হরতাল পালনে ১৮ দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা ১৮ দলীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ এলাকায় হরতাল কর্মসূচি পালনে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। গতকাল শনিবার ১৮ দলের এক সভায় শীর্ষ নেতৃবৃন্দও হরতালের সময় মাঠে থাকার ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। হরতাল কর্মসূচি পালনে মহানগর ও জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীকে তাদের নিজ নিজ এলাকায় হরতাল কর্মসূচি সফল করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া জামায়াত শিবিরকে বিগত সময়ে ১৮ দলের হরতাল কর্মসূচিতে তেমন একটা দেখা না গেলেও এবার তারাও মাঠে থাকবে বলে জানায়। বিএনপির নেতৃবৃন্দ জানান, আজকের হরতাল পূর্বের যে কোন সময়ের তুলনায় কঠোর হবে। বিশেষ করে সরকারের মেয়াদের শেষ সময়ে হরতাল কর্মসূচি পালনে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। জানা যায়, দীর্ঘদিন পর গত শুক্রবার জামায়াত-শিবির প্রকাশ্যে নগরীতে মিছিল করায় তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। জামায়াতের এক দায়িত্বশীল নেতা জানান, তারা এখন আর মাঠ ছাড়বেন না। গতকাল শনিবার ১৮ দলের প্রস্তুতি সভায় জামায়াতের নেতৃবৃন্দ হরতালের সময় মাঠে থাকবেন বলে জানানো হয়। জানা যায়, বিএনপির শীর্ষ পর্যায় থেকে চট্টগ্রামে কঠোর হরতাল পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শনিবার নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় চত্বরে ১৮ দলীয় জোটের উদ্যোগে হরতাল কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল নগর বিএনপির সভাপতিত্বে অনুষ্ঠিত হরতালের প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, শামসুল আলম, আবু সুফিয়ান, জামায়াত নেতা আ.জ.ম ওবায়উল্লাহ, মোহাম্মদ উল্লাহ প্রমুখ। গত শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলা হলেও কোন মামলায়ই কারো নাম উল্লেখ করা হয়নি। এমনকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীনের মার্কেট কমপ্লেক্স আমীন সেন্টারে হামলা ও ভাংচুর করা হলেও নির্দিষ্ট কারো নাম উল্লেখ ছাড়াই অজ্ঞাতনামা মামলা করা হয়।