১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিগ বসের সপ্তম সিজন। ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ নতুন প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশি মডেল আসিফ আজিম। গত সপ্তাহে ভারতীয় অভিনেত্রী হেজেল কেশের চলে যাওয়ার পর বিগ বসের এ আসরে ওয়াইল্ড এন্ট্রি নেন আসিফ। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন উইকে অংশ নিয়ে আলোচনায় আসেন এ মডেল। ২০০৪ সালে ফ্যাশন হাউস আড়ংয়ের বিজ্ঞাপনের জন্য ভারতে যান তিনি। সে সময় সেখানকার ফ্যাশন হাউসগুলো তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে। সেই সুবাদে প্রায় নয় বছর ভারতে বসবাস করছেন আসিফ। বলিউডের বনেদি অঙ্গনে পা পড়েছে বাংলাদেশি গায়ক-নায়কদের। দু-একজন মডেলও দাপিয়ে বেড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গন। তারই সূত্র ধরে এবার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ৭-এ পা রাখলেন বাংলাদেশি মডেল আসিফ আজিম। আসিফ আজিম বাংলাদেশের র্যাম্প মডেলিংয়ের অন্যতম পরিচিত মুখ। দেশে তিনি বহু ফ্যাশন হাউসের মডেল হয়েছেন। বিদেশেও প্রথম বাংলাদেশি হিসেবে ইতালি, জার্মান এবং অস্ট্রেলীয় ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছেন। ভারতের বিখ্যাত ডিজাইনারদের হয়ে র্যাম্পেও হেঁটেছেন অনেকবারই। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও করেছেন অংশগ্রহণ। আসিফই ‘বিগ বস’ শোতে অংশগ্রহণকারী একমাত্র বাঙালি। ভারতীয় টিভি চ্যানেল ‘কালারস’-এ এই শো দেখা যাচ্ছে।
জেনে নেওয়া যাক আসিফ সম্পর্কে কিছু কথা
আসিফ আজিম বড় হয়েছেন মেহেরপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময় বিবি রাসেলের দলে যোগ দেন তিনি। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি ২০০২ সালে ঢাকায় একটি শোতে তাকে পছন্দ করেন। পরে দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার নিও নটসোমার নজরে পড়েন তিনি, তার উদ্যোগেই প্যারিসের ম্যাগাজিন সাওলোতে স্থান পান। ২০০৪-এ আড়ংয়ের বিজ্ঞাপন করতে ভারতে গেলে অনেকেই তাকে নিয়ে আগ্রহী হন। পরে ভারতীয় এক ডিজাইনারের সাথে আসিফের পরিচয় হয় ২০০২ সালে। এভাবেই মিডিয়ার ঢুকে পড়েন আসিফ। আসিফের ভবিষ্যত্ লক্ষ্য একজন সফল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এখন ভারতের বিখ্যাত অনেক ডিজাইনারের সাথেই কাজ করছেন তিনি। আজিমের লক্ষ্য দুটি, আন্তর্জাতিকভাবে পরিচিত মডেল হওয়া এবং বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রির উন্নয়ন ও প্রসার ঘটানো। সম্প্রতি ‘বিগ বস’-এর মতো বড় আয়োজনের মাধ্যমে এ সুযোগ পেলেন তিনি। এ বিষয়ে আসিফ বলেছেন, ‘আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আশা করি নিজের সেরাটা দেখাতে পারব।’
চলতি ‘বিগ বস’-এর এবারের সিজনের হোস্ট হিসেবে কাজ করছেন দাবাঙ তারকা সালমান খান। এবারের সিজনকে হেভেন ও হেল নামে দুটি অংশে ভাগ করা হয়েছে। অংশগ্রহণকারী মোট ১৪ জন প্রতিযোগীকে তিন মাসের জন্য একটি বাড়িতে বন্দি থাকতে হবে। এ সময় তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। আর এ আসরে চমক হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশি মডেল আসিফ আজিম। ‘বিগ বস’-এ এবারের প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে আসিফ জানান, ‘এর ভিজে (ভিডিও জকি) অ্যান্ডি খুবই আনন্দদায়ক ও হাউসের সবাইকে তিনি একটি যৌথ পরিবারের মতোই দেখেন।’ তবে আসিফ বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই বাঙালি তরুণী তানিশা মুখার্জী ও প্রত্যুষা ব্যানার্জীর ব্যাপারে। কারণ হিসেবে আসিফ জানান, তিনি যেমন বাঙালিদের ভালোভাবে বুঝতে পারেন, তেমনি বাঙালিদের সঙ্গে কাজে স্বাচ্ছন্দ্যও বোধ করেন। তিনি আশা করছেন তারা তিন বাঙালি বেশ ভালোভাবেই প্রতিযোগিতায় টিকে থাকবেন।’
‘বিগ বস’-এর মতো আলোচিত রিয়েলিটি শোতে অংশ নেওয়া প্রসঙ্গে আসিফ বলেন, ‘শুধু আমার ইতিবাচক মনোভাবই আমাকে এই কঠিন রিয়েলিটি শোর সব সমস্যা থেকে উের দেবে।’ বিগ বস হাউসের স্বর্গ নাকি নরক, কোন ঘরে যেতে চান প্রশ্ন করা হলে আসিফ বলেন, ‘বাংলাদেশ, নেপাল, ভারতের মানুষরা আসলে অবস্থাটা দেখেছে। তাই এটা আমার কাছে খুব কঠিন বিষয়।’ তবে ‘বিগ বস’ হাউস থেকে ইতিবাচক জিনিস গ্রহণ করে সব নেতিবাচক বিষয় সেখানেই ফেলে আসতে চান বলে জানিয়েছেন তিনি। এক সপ্তাহের বেশি সময় পর এতে অংশ নিয়েছেন বাংলাদেশি এ মডেল। ‘বিগ বস’-এ অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদের সম্পর্কে তেমন একটা ধারণা নেই আসিফের। এখন দেখার বিষয়, কতদিন এভাবে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন তিনি।
‘বিগ বস’-এ নিজের এন্ট্রি সম্পর্কে আসিফ বলেন, ‘বিগ বস যেহেতু ভারতের অন্যতম জনপ্রিয় একটি টিভি শো, তাই এর মাধ্যমে জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করব আমি। এখানে যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হয় প্রতিযোগীদের। যা একটা বড় চ্যালেঞ্জ।’ ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী সংখ্যা ছিল ১৬ জন। তার মধ্যে এখনও ১৩ জন টিকে আছে এবং তালিকা থেকে বাদ পড়েছে ৩ জন। এ ব্যাপারে আসিফ আরও জানান, ‘বিগ বস-৭’-এ মতভেদ থাকার পরও এ শো-তে অংশ নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি।’ বিগ বসকে ভারতের সেরা রিয়েলিটি শো উল্লেখ করে তিনি বলেন, ‘এ শো-তে অংশ নিতে আমি মুখিয়ে আছি। সত্যি খুব আনন্দ লাগছে। মানুষ হিসেবে আমি খুবই ইতিবাচক ও সত্। আমি সততার সঙ্গে এ শো-তে অংশ নিতে চাই। এ শো-তে জয়ী হওয়ার জন্য সবাই আমাকে সাহায্য করবে এমনটাই প্রত্যাশা করি।’
