ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জজ মিয়া ও আবদুর রশিদ হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হুমায়ুন কবীরকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, নাটঘর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় তাকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয়। তাই নাটঘর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
