পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন সেটি অগণতান্ত্রিক।
গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত হরতাল বিরোধী মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অতীতে অনেকবার বিভিন্নভাবে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। হত্যা যেহেতু করতে পারেননি, মাইনাসও করতে পারবেন না। আল্টিমেটাম ও ষড়যন্ত্র পরিহার করে গণতন্ত্রের পথে আসার জন্য তিনি বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান।
‘সরকার অবৈধ’ মর্মে সম্প্রতি বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে দীপু মনি বলেন, সংবিধান অনুযায়ী একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বর্তমান সরকার বৈধ।
সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব ও বিরোধী দলীয় নেতাকে ফোন দিয়ে প্রধানমন্ত্রী বিশাল উদারতা দেখিয়েছেন। নির্বাচনকালীন সরকার গঠনের জন্য খালেদা জিয়া আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে পাঁচ জন করে নাম দিতে বলেছেন সে প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কী আর কোনো দল নেই? এ দেশ কী শুধু বিএনপি কিংবা আওয়ামী লীগের? এ দেশ ১৬ কোটি মানুষের। খালেদা জিয়া তার এ বক্তব্যের মাধ্যমে চরম অগণতান্ত্রিকতার পরিচয় দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী শাওন প্রমুখ।
