গঠনমূলক সংলাপ ও নির্বাচনের পথে অগ্রসর হতে হবে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫১
সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে একটি সর্বসম্মত উপায় খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার জন্য অব্যাহতভাবে আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যে টেলিফোন আলাপসহ সামপ্রতিক অগ্রগতিতে তিনি অনুপ্রাণিত। তিনি আশা ব্যক্ত করেন যে, এই ইতিবাচক অগ্রগতির ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে। যাতে করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মজীনা বিবৃতিতে আরো বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা হলো, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটা গ্রহণযোগ্যও নয়। শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো যদিও মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না। সহিংসতা ও হত্যাকাণ্ডের যেসব ঘটনা ঘটেছে তাতে আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করবে। শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য সকল দলের প্রতি আহবান জানান তিনি।