খুলনায় বার্ষিক ফায়ারিংয়ে পুলিশের নায়েক আবু মুসা (২৫) নিজের পিস্তলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বেলা ১১টায় নগরীর বাদামতলায় পুলিশ ট্রেনিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
নায়েক আবু মুসা বরিশাল জেলা পুলিশে কর্মরত। খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ডার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুলিটি আবু মুসার ডান বুকের নিচে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বলেন, ফায়ারিংয়ের সময় আবু মুসার নিজের পিস্তলে গুলি আটকে যায়। সেটা ঠিক করতে গেলে তার বুকে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
