ফুডজোন
ধানমন্ডি ২ নম্বর রোডের রাস্তা ধরে যেতে থাকলে দোতলা সুনসান এক বিল্ডিং নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি। ব্যস্ত শহরের মাঝে এটা নীরব দাঁড়িয়ে সব সময়। আর খাবারপ্রেমীরা জানেন, এটা কত মজাদার এক রেস্টুরেন্ট। ভিন্ন থিম নিয়ে এরাই প্রথম যাত্রা শুরু করে বাংলাদেশে, আর তখন থেকেই পেয়েছে জনপ্রিয়তা। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
রেস্টুরেন্টের ভেতরে একবার ঢোকার পর হারিয়ে যাওয়া খুব কঠিন হবে না আপনার কাছে। অন্ধকার করিডোর ধরে হেঁটে যেতে থাকলেই বুঝতে পারবেন ভূতের আনাগোনা আছে চারপাশে। সবকিছুই কালো কাপড়ে মোড়া, টেবিলের ক্লথটাও। কোথাও মিটিমিটি জ্বলছে হয়তো আবছা কোনো আলো। অনেকগুলো কিউব আকৃতির বসার জায়গা। একেকটিতে বিশ জনের মতো বসতে পারেন। মেন্যুটা হাতে নিয়েও নেড়েচেড়ে দেখবেন কয়েকবার, উল্টালেই চোখে পড়বে ‘আয় খা’। আর দেয়ালেও রয়েছে ভুতুড়ে সব সাজগোজ।
এবার খাবারের দিকটায় আসি। ভুতুড়ে কিন্তু উপভোগ্য পরিবেশের বাইরে মজাদার সব খাবার রয়েছে এখানে। থাই, চাইনিজ, ইন্ডিয়ানের বাইরে মজার অনেক ডেসার্ট পাবেন আপনি। এই খাবারের যাবতীয় উপকরণই সংশ্লিষ্ট দেশ থেকেই আমদানি করা হয়, তাই স্বাদটা পাওয়া যায় ষোল আনা। এর মধ্যে স্যুপ, সিজলিং থেকে শুরু করে রয়েছে গ্রিলড এবং ডিপ ফ্রাইড খাবার। এর বাইরে রয়েছে বেকড, ফ্লেমড চিকেন, শিরম্পস, বিফ, ভূত স্পেশাল বিফ উইথ ক্যাপসিকাম অ্যান্ড সিসম সিড, ভূত স্পেশাল লবস্টার, গ্রিল্ড ক্রাব খুব জনপ্রিয় কিছু খাবার উল্টা ভূতের। উপমহাদেশীয় খাবারের ভক্তরা মহারানি বিরিয়ানি, মাসালা চিকেন, ডাল মাখানি, তান্দুরি চিকেন খেয়ে দেখতে পারেন।
এই সময়ে ভূতের দেখাই বুঝি পান না আপনি, কিন্তু এখানে এলে কিন্তু ভূতের থেকে রেহাই নেই। সন্ধ্যার পর দেখা পেয়ে যেতে পারেন ভূতের। কখনও একা, কখনও দলবেঁধে, কখনও বা নাচতে দেখতে পাবেন তাদের। সুতরাং আপনি যদি ভূতের গল্প শুনতে ভালোবাসেন অথবা পছন্দ করেন শিহরিত হতে, উল্টা ভূতে আমন্ত্রণ রইল।
এ ক ন জ রে
কোথায় :বাড়ি ৩৬, রোড-২, ধানমন্ডি, ঢাকা।
কখন যাবেন :দুপুর ১২টা থেকে রাত ১০টা ৩০ মিনিট।
কী খাবেন :ফ্লেমড চিকেন, শিরম্পস, বিফ, ভূত স্পেশাল বিফ উইথ ক্যাপসিকাম অ্যান্ড সিসম সিড, ভূত স্পেশাল লবস্টার, গ্রিল্ড ক্রাব খুব জনপ্রিয়।
ফোন :০২-৮৬৫২১৯৪, ৮৬২৮৬৮৯।
