হাইব্রিড টমেটো ক্ষেত পচন রোগে আক্রান্ত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৪
বরেন্দ্র অঞ্চলে ১৫ বছর ধরে বাণিজ্যিকভাবে আগাম শীতকালীন হাইব্রিড টমেটো চাষ করে লাভবান হয়ে আসছে কৃষক। প্রতিবছর এ অঞ্চলে হাইব্রিড টমেটো চাষের পরিমাণ বেড়েই চলছে। এ বছর এ অঞ্চলে ৩ হাজার ১শ’ হেক্টর জমিতে আগামী শীতকালীন হাইব্রিড টমেটো চাষ হয়েছে। মধ্য সেপ্টেম্বর থেকে জমিতে টমেটোর চারা রোপণ করায় ইতিমধ্যে গাছ বড় হয়ে গেছে। ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর একটানা বৃষ্টিতে টমেটোর গাছের গোড়ায় পানি জমে পচন রোগ দেখা দিয়েছে। কৃষকরা জানান, পচন রোগ প্রতিরোধে মেনকোজেব, মেটালেক্সিল ও কার্বেন্ডাজিম তরল কীটনাশক স্প্রে করে টমেটোর গাছ বাঁচানো গেলেও প্রতিটি গাছ দুর্বল হয়ে পড়ছে। টমেটোর উত্পাদন কম হওয়ার আশঙ্কা করছে চাষীরা। উপজেলার সাগরপাড়া গ্রামের কৃষক জিয়াউর রহমান ২৫ বিঘা জমি বর্গা নিয়ে শীতকালীন হাইব্রিড টমেটো চাষ করেছে। বিঘাপ্রতি এখন পর্যন্ত খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। আরো ৪ থেকে ৬ হাজার টাকা প্রতি বিঘায় খরচ হবে। উপজেলার মাদারপুর গ্রামের সুমন আলী এবার ৩০ বিঘা জমি বর্গা নিয়ে হাইব্রিড টমেটো চাষ করেছে। তিনি বলেন, শ্রমিক, সার, কীটনাশক বেশি প্রয়োজন হওয়ায় উত্পাদন খরচও বেশি। গোদাগাড়ী কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে অসময়ে খরা ও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অসময়ে বৃষ্টি ও খরার কারণে টমেটোর জমিতে বিভিন্ন ভাইরাসজনিত রোগ দেখা দিয়েছে। কৃষকদেরকে টমেটোর জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।