প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সংলাপে বসুন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৩
হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে বিরোধীদলের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় নেতারা হরতালে নাশকতার জন্য বিরোধীদলকে দায়ী করে বিএনপিকে ধ্বংসের রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে আসার পরামর্শ দেন। এছাড়া খালেদা জিয়াকে সাংবিধানিক উপায়ে সমঝোতায় আসার আহ্বানও জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বিরোধী দলের উদ্দেশে বলেন, সংঘাতের পথ পরিহার করে সংবিধানের আলোকে সংকট সমাধান করতে আলোচনায় বসুন। ধ্বংসাত্মক ও নৈরাজ্যমূলক কর্মসূচি চালিয়ে আর মানুষ হত্যা করবেন না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, হরতাল চলাকালে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, এর দায়ভার বিরোধী দলীয় নেত্রী কখনই এড়াতে পারেন না। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গায় হরতাল বিরোধী মিছিল করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। সকাল থেকেই হরতালবিরোধী স্লোগান এবং মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।