দক্ষিণ আমেরিকার শিল্পোন্নত দেশ চিলিতে বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্ক ও কোটামুক্ত রফতানি সুবিধা পেয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই সুবিধা পেয়েছে। গম, গমের আটা ও চিনি ছাড়া অন্য সব পণ্য এই সুবিধার আওতায় আসবে। গত সেপ্টেম্বর মাসে দেশটি বাংলাদেশকে এই সুবিধার আওতায় এনেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, অতীতে চিলিতে বাংলাদেশের রফতানি খুব বেশি না হলেও সামপ্রতিক সময়ে দেশটিতে রফতানি বাড়ছে। এই সুবিধা পাওয়ার ফলে চিলিতে বাংলাদেশি পণ্য রফতানি আরো বাড়বে। গত ২০১২-১৩ অর্থবছরে দেশটিতে বাংলাদেশ ৩ কোটি মার্কিন ডলারের বেশি পণ্য রফতানি করেছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। মূল রফতানি পণ্য গার্মেন্টস। তবে ওষুধ, চামড়াজাত সামগ্রী বিশেষত পাদুকা ও পাটজাতীয় পণ্যও রফতানি হয় চিলিতে।
