নড়াইলের দু’টি আসনে মাশরাফিসহ ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:০৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ২৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১১জন এবং নড়াইল-২ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া নড়াইল-১ ও নড়াইল-২ আসনে বিএনপি ও শরিক দলের ৬জন এবং  নড়াইল-১ আসনে আওয়ামী লীগ ও শরিক দলের ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নড়াইল-১ আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী এ আসনের বর্তমান এমপি বিএম কবিরুল হক মুক্তি ও ১৪ দলের শরিক বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, এস.এম সাজ্জাদ হোসেন এবং এস.কে.এম সাজ্জাদ হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মিল্টন মোল্লা, ইসলামী আন্দোলনের মো. খবির উদ্দিন, এনপিপি (নিলু) মোঃ মুনছুরুল হক, স্বতন্ত্রপ্রার্থী শেখ মিজানুর রহমান, ওমর আলী ও সিকদার মো. শাহাদাত হোসেন।

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, বিএনপি মনোনীত শরীফ কাসাফুদ্দোজা কাফী, ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান  ড. এ.জেড. এম ফরিদুজাজামান ও সাবেক এমপি মুফতি মো. শহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, স্বতন্ত্র মুফতি মোহাম্মদ তালহা ইসলাম, ফকির শওকত আলী,  মো. মনির হোসেন, এনপিপি (নিলু) মো. মনিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দীন, মো. মাহবুবুর রহমান। 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, নড়াইল-১ আসনে তিন জন এবং নড়াইল-২ আসনেও তিনজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। পরবর্তীতে প্রার্থীতা চুড়ান্ত করা হবে।

ইত্তেফাক/বিএএফ