সমগ্র বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনায় কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোত্সব শুরু হয়েছে।
শুক্রবার কক্সবাজারের রামু রাজারকুলের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবরদান উত্সবের উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন ভিক্ষু। শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মগুরু পাঞাচারা মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কঠিন চীবর দানের তাত্পর্য নিয়ে ধর্মালোচনা করেন উখিয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক এস ধর্মপাল মহাথের, রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রবংশ মহাথের, শৈলেরডেবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কুশলায়ন থের, চট্টগ্রাম আগ্রাবাদ শাক্যমুনি বৌদ্ধ বিহারের তিলোকাবংশ থের, উখিয়া শৈলের ডেবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কুশলায়ন থের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের পরিচালক লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক প্রসেনজিত্ বড়ুয়া। অনুষ্ঠানে কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ ঢাক-ঢোল বাজিয়ে চীবর মাথায় নিয়ে অংশ নেন।
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস ধ্যান সাধনা অর্থাত্ বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমার পরদিন হতে শুরু হলো মাসব্যাপী কঠিন চীবর দান উত্সব। রামু উপজেলার ৩০টি বিহারে এ উত্সবের আয়োজন করা হয়েছে।
