ব্রিটেন ও ফ্রান্সে ভয়াবহ ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
ইউরোপে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ের আঘাতে ব্রিটেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিমানের সিডিউলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ফ্রান্সের উত্তরাঞ্চলের প্রায় ৭৫ হাজার বাড়িঘর বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ে ইংল্যাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। সমুদ্র সৈকত থেকে এক কিশোর সমুদ্রে ভেসে গেছে। ঝড়ের তান্ডবে ব্রিটেনে প্রায় ছয় লাখ বাড়িঘরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিটেনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভয়াবহ ঝড়টি রবিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। এতে গাছপালা উপড়ে যায়, বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুত্ সংযোগ ও পরিবহন সেবা বাধাগ্রস্থ হয়েছে। এএফপি’র এক খবরে বলা হয়, ইংল্যাণ্ড ও ওয়েলসের একটি বড় অংশে ঝড় অব্যাহত থাকায় দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সকালের ব্যস্ত সময়ে রেল সেবা বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কারণে হিথরো বিমানবন্দরের ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়া অফিস জানায়, গ্রিনিচ মান সময় ০৫০০টায় আইল অব উইটের নিডলস ওল্ড ব্যাটারি এলাকায় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ৯৯ মাইল (১৫৯কিমি)। ঝড়ে ৪০টির বেশি রেললাইনের ওপর গাছপালা উপড়ে পড়ে। ফ্রান্সের বিদ্যুত্ বিতরণ বিভাগ ইআরডিএল জানায়, ঝড়টি ১৩৯ কিলোমিটার (৮৬মাইল) বেগে বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে। এতে বিদ্যুত্ সংযোগে বিপর্যয় নেমে আসে। কর্তৃপক্ষ বলেছে, এই ঝড়ের ক্ষয়ক্ষতির সঙ্গে ২০০২ সালের অক্টোবরে সংঘটিত ঝড়ের তাণ্ডবের তুলনা করা চলে।