মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে ছেলে ব্যারিস্টার মো. নাজিবুর রহমানের অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের দিন আজ মঙ্গলবার পুনর্নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। তবে সাক্ষী না এলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেয়া হবে। পরদিন রাষ্ট্রপক্ষ মামলায় যুক্তি উপস্থাপন শুরু করবে। এজন্য রাষ্ট্রপক্ষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষী না আসায় সময় চেয়ে আবেদন করে আসামিপক্ষ। পরে সময় বৃদ্ধি করে ট্রাইব্যুনাল বলেন, কাল (মঙ্গলবার) আসামিপক্ষের সিনিয়র আইনজীবী ও সাক্ষী না এলে পরদিন থেকে এ মামলায় যুক্তি উপস্থাপন করবেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া শুরু করেন। রবিবার তার অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওই দিন হরতালের কারণে সাক্ষী ও আইনজীবী আসতে পারেননি জানিয়ে সময় আবেদন করে আসামিপক্ষ। পরে সময় বৃদ্ধি করা হয়। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগে জামায়াতের এ শীর্ষ নেতার বিচার চলছে।
