জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নতুন করে আগামী ১২ নভেম্বর ধার্য করা হয়েছে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার আসামিপক্ষের সময় চেয়ে আবেদনের পর এ দিন ধার্য করে। উভয়পক্ষের শুনানি শেষে গত ১০ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য গতকাল ধার্য করা হয়েছিল। কিন্তু আসামিপক্ষে কোন সিনিয়র আইনজীবী ট্রাইব্যুনালে হাজির না থাকায় আদেশের জন্য নতুন দিন ধার্য করার আবেদন করেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন।
এদিকে, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন পিছিয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল দিনটি আগামী ৭ নভেম্বর পুননির্ধারণ করে।
