তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কারো বক্তব্য প্রকাশ করতে হলে আগে তার অনুমতি নেয়াটা ভদ্রতার অংশ। কিন্তু বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর অনুমতি না নিয়েই তাদের দু’জনের মধ্যে ফোনালাপ প্রকাশ করেছেন। তবে খালেদা জিয়া আংশিক বক্তব্য প্রকাশ করায় বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াসা রয়েছে। এ ধোঁয়াসা দূর করতে টেলি সংলাপ শিগগিরই পুরোপুরি প্রকাশ করা হবে।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, আমরা আপনাদের চা খাওয়াই। আর আপনারা আমাদের বোমার স্প্লিন্টার খাওয়ান। খালেদা জিয়া ক্রমাগত চক্রান্তে জড়িয়ে পড়ছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি সরকারকে অবৈধ ঘোষণা করে সরকারি কর্মচারীদের তাদের নির্দেশ পালন না করার কথা বলে উস্কে দিতে চেয়েছেন। উনি কি গায়ের জোরে ক্ষমতা দখল করতে চান?’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, উস্কানি ও শর্ত দেবেন না। নাশকতা বন্ধ করে খোলা মনে সংলাপে আসুন। আপনার প্রস্তাব যত অগ্রহণযোগ্যই হোক সরকার সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১ মাস ধরে চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে ইনু বলেন, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার দেয়া দুটো প্রস্তাব নিয়েই আমরা আলোচনায় বসতে পারি এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারি। একটি রাস্তা উদ্ভাবন করতে পারি। তিনি বলেন, আমরা সংলাপের আশায় থাকলাম।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার জন্য সংলাপের দাওয়াত অব্যাহত রয়েছে। যে কোন সময় তিনি আসলে তাকে সাদরে গ্রহণ করা হবে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যে আল্টিমেটাম দিয়েছিলেন, সে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়েছিলেন সংলাপ শুরু করার জন্য। সে কারণে এ হরতাল অযৌক্তিক।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া নিজেই নিজের ওয়াদা ভঙ্গ করেছেন। তার দিলে কোন রহম নেই। তার দিলে যদি রহম থাকতো তবে যে সময়ে হাজীরা দেশে ফিরছেন, জেএসসি পরীক্ষা আসন্ন, ২১ লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে, ও-লেভেল পরীক্ষা চলছে তখন এ হরতাল দিতে পারতেন না। হরতাল দিয়ে নাশকতা চালাতে পারতেন না।
