ঝুনঝুনি
ঝুনঝুনি একখানি ছড়ার বই। এ-বইটি লিখেছেন পরিচিত ছড়া লেখক শাহজাহান মোহাম্মদ। এর আগে শাহজাহান মোহাম্মদের ‘মেঘ গুড়গুড়’ নামে একটি ছড়ার বই প্রকাশিত হয় এবং এই বইটি অনেকের কাছে সমাদৃত হয়। আলোচ্য ঝুনঝুনি বইটিতে রয়েছে অনেকগুলো ছড়া-কবিতা। এসব ছড়া-কবিতা বাংলা ভাষা প্রকৃতি, শৈশব, নজরুল, মৌসুম, ঈদ এবং মহান বিজয় দিবসকে নিয়ে লেখা। ছড়া-কবিতাগুলোর মধ্যে মাতৃভাষা, মায়ের ছোঁয়া, কিশোর বেলা, খুশির ঝলক, বৈশাখ, বিজয়গাঁথা ও ইষ্টিকুটুম বিশেষভাবে উল্লেখ্য। সহজ-সরল ভাষা এবং ছন্দমিলে গাঁথা কিশোর বেলা কবিতাটি খুবই সুন্দর। শাহজাহান মোহাম্মদ লিখেছেন:
লেখাপড়ায় বসতো না মন কিশোর বেলা মাঝে,
মা যে আমায় দিতো বকা সকাল-দুপুর-সাঁঝে।
পুকুর পাড়ে বরই গাছে ছুঁড়ে দিতাম ঢিল—
চুরি করে খেতে গিয়ে খেতাম দাদুর কিল।
বইটি উন্নতমানের কাগজে চার রঙে ছাপা। মো. জাহিদুর রহমান খানের আঁকা প্রচ্ছদ ও অঙ্গসজ্জা খুবই সুন্দর। এটি প্রকাশিত হয়েছে ঢাকার খিলগাঁও-এর লোকাল প্রেস থেকে। মূল্য একশত টাকা। বইটি ছোটদের কাছে আদৃত হবে।
মোহাম্মদ ইলইয়াছ
