সৈয়দপুরের লিবার্টি সিনেমা হল ভেঙ্গে ফেলা হচ্ছে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪৮
নীলফামারীর সৈয়দপুর শহরের শতবর্ষী সংগঠন শিল্প-সাহিত্য সংসদের লিবার্টি সিনেমা হলটি ভেঙ্গে ফেলা হচ্ছে। সেখানে একটি অত্যাধুনিক বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেসময় বাঙালিরা নিজস্ব লোকজ কৃষ্টি ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় প্রগতিশীল চিন্তাধারার কিছু ব্যক্তি নিজ প্রচেষ্টায় ও উদ্যোগে ১৯১১ সালে প্রতিষ্ঠা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ নামক সংগঠনটি। শুরুতে এটির নাম ছিল ‘দি নিউ ইউনিয়ন মিউজিক্যাল ক্লাব’। পরবর্তীতে ১৯৫৩ সালে নাম পাল্টে করা হয় সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। সংসদের দ্বিতল নিজস্ব কার্যালয় ছাড়াও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ছিল একটি বিশাল টিনশেড অডিটরিয়াম হল। সংসদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি এ অডিটরিয়ামটি ভাড়া দেয়া হতো। সেটি ভাড়া নিয়ে সিনেমা প্রদর্শন করতেন ব্যবসায়ীরা। নাম দেয়া হয় লিবার্টি সিনেমা হল। বর্তমান আকাশ সংস্কৃতির কারণে বাংলা সিনেমা দর্শক মারাত্মকভাবে হ্রাস পায়। এ অবস্থায় ওই হলটি আর কেউ ভাড়া নিতে আগ্রহ দেখান না। আর সংস্কার ও মেরামতের অভাবে টিনশেডের লিবার্টি হলটি জরাজীর্ণ হয়ে পড়েছে। আসনগুলো হয়ে পড়েছে বসার অনুপযোগী। হলের ভাড়া না পাওয়ায় শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ দুরূহ হয়ে পড়ে। এ কারণে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ পরিচালনা পর্ষদ লিবার্টি হলটি বেঙ্গে সেখানে একটি বহুতল শপিং কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা বাস্তবায়নে লিবার্টি সিনেমা হলটি ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক আমিনুল হক জানান, মূলত সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের খরচ নির্বাহের জন্যই হলটি ভেঙ্গে সেখানে শপিং কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবনের প্রথম ও ২য় তলায় মার্কেট এবং ৩য় তলায় একটি বিশাল অডিটরিয়াম নির্মাণ করা হবে। ফলে আবারও শিল্প সাহিত্য সংসদ এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।