নদী ভাঙ্গনের হুমকিতে সুন্দরগঞ্জের ৪টি গ্রাম

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৭
তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি, হরিপুর ও চন্ডিপুর ইউনিয়নের ছয়ঘরিয়া, বোচাগাড়ি, বাংলাবাজার ও উজান তেওড়া গ্রাম চরম হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে এসব গ্রামের অধিকাংশ এলাকার বসতবাড়ি, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে প্রায় সাড়ে ৫ হাজার পরিবার নদী ভাঙ্গনে আবাদি জমি ও বসতবাড়ি হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া হুমকির মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ, পূর্ব উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়ঘরিয়া উচ্চ বিদ্যালয়। জানা গেছে, গত কয়েক সপ্তাহে অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়া উপজেলার ওই ৪ গ্রামের শত শত পরিবার তাদের ঘর-বাড়ি সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। ভাঙ্গন কবলিত মানুষ এখন খোলা আকাশের নিচে জীবন-যাপন করছে। আশংকা করা হচ্ছে ভাঙ্গন অব্যাহত থাকলে অল্প দিনের মধ্যেই গ্রাম ৪টি মানচিত্র থেকে হারিয়ে যাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের আফরোজা, লিলিমা, আবুল হোসেন ও শামছুন্নাহার জানান, তাদের বাপ-দাদার বসতভিটে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে বেড়িবাঁধের ওপর কোন রকম জীবন-যাপন করছেন। এদিকে ভাঙ্গনে হুমকির মুখে পড়া উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উপজেলা প্রশাসন তড়িঘড়ি করে নামমাত্র নিলামে বিক্রি করে দিয়েছে।