নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের নেতারা। সোমবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়ে বলেন, গত কয়েকদিন ধরে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী হরতালের নামে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা, ককটেল ও বোমা নিক্ষেপসহ জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে। অনতিবিলম্বে এসব নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধ এবং হরতাল প্রত্যাহার করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসুন। সভায় মন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন ব্যক্তির বাসভবন ও সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পরিষদের নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
