বিচারকের বাড়িতে বোমা নিক্ষেপ, অবরুদ্ধ ইউএনও

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৩৪
হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও হরতালবিরোধীদের সঙ্গে ১৮ দলীয় জোট নেতাকর্মীদের সংঘর্ষ, হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় এবং এম্বুল্যান্সসহ অসংখ্য যানবাহন ভাংচুর করা হয়। হরতাল চলাকালে নরসিংদীতে এক বিচারকের বাসায় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। বগুড়ায় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে হরতাল সমর্থকরা। মানিকগঞ্জসহ কয়েকটি জেলায় যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়া হয়। চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি হাসপাতালের এম্বুল্যান্স ভাংচুর করে পিকেটাররা। সংঘর্ষের আশংকায় কুষ্টিয়ার কুমারখালী ও বি.বাড়িয়ার আখাউড়াসহ কয়েকটি স্থানে গতকাল ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে চলমান সহিংসতার ঘটনায় জয়পুরেহাট, বরগুনা, পাকুন্দিয়া, পটিয়াসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা:কান্দিরপাড়, চকবাজার, কাঁটাবিল ও নুরপুর এলাকায় পুলিশের সাথে বিএনপি ও জামায়াত-শিবিরের সংঘর্ষে, হাসপাতাল-দোকানপাট ভাংচুরসহ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশ্রাফ ভূঁইয়া, সহকারি পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, ওসি (তদন্ত) সামসুজ্জামানসহ ৭ পুলিশ আহত হয়েছে। এসময় বিএনপি-জামায়াতের অর্ধ-শতাধিক নেতা-কর্মী আহত হয়। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ২২ জনকে আটক করেছে। এদিকে হরতালে সংঘর্ষের ঘটনায় সহস্রাধিক কর্মীকে আসামি করে পৃথক ৪টি মামলা করেছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি :জেলার ঢোলারহাটে বিএনপিও আওয়ামী লীগের সংঘর্ষে এনটিভির জেলা প্রতিনিধি ও এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় ৫০টি দোকান ভাংচুর এবং ৫টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি:হরতালে বরগুনায় গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, পুলিশের উপর হামলা, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪৬ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। একই অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয়েছে ৫টি। এতে বিএনপি জামায়াতের ৪৪৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে চারশ’ জনকে আসামি করা হয়েছে। রংপুর :নগরীর মাহিগঞ্জ-পীরগাছা সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পরে তারা রংপুর-ঢাকা মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চৌগাছা (যশোর) :উপজেলার পুলিশ পাহারায় আওয়ামী লীগ হরতাল বিরোধী সশস্ত্র মিছিল করেছে। মিছিলকারীদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, তরবারী, চাইনিজ কুড়াল ছিল। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান শহরের মাদ্রাসা রোডের মোড়ে দাঁড়িয়ে নিজ চোখে এসব অস্ত্র দেখলেও কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ পাওয়া গেছে। বাঁশখালী (চট্টগ্রাম) : হরতাল শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুরুতর আহত রোগী নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের কালীপুরে হরতাল সমর্থকরা বাঁশখালী হাসপাতালের এ্যাম্বুলেন্সে হামলা ও ভাংচুর চালিয়েছে। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল করিম চৌধুরী ও এ্যাম্বুলেন্সের চালক মোহাম্মদ আলমগীরসহ ৫ জন আহত হয়েছেন। গাইবান্ধা: সাবেক এমপি ও পলাশবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া দেয়া ঘরে নাসির উদ্দিনের বিস্কুট কারখানায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় হরতাল সমর্থকরা। এতে ৩টি রিক্সাভ্যান ও বিস্কুট তৈরির মালামালসহ ৫০ হাজার সম্পদ আগুনে পুড়ে যায়। এছাড়া সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতাল সমর্থকরা ১টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বগুড়া:সকাল ৮টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী ২১নং পদ্মরাগ ট্রেনটি বগুড়া স্টেশনে পৌঁছলে হরতাল সমর্থকরা ট্রেনটি ঘিরে ফেলে। পুলিশের অনুরোধে এক ঘন্টা পর অবরোধকারীরা ট্রেনটি ছেড়ে দেয়। এছাড়া শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা । কাউখালী (পিরোজপুর): উপজেলা বন্দরে সকালে পিকেটিং এর সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে দলীয় কার্যালয়ের দিকে সরিয়ে দেয়। নোয়াখালী: মাইজদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। বেলকুচি (সিরাজগঞ্জ):সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিন খান লালের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে বোমাটি বিস্ফোরিত না হওয়ায় পুলিশ তা উদ্ধার করে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় ইসলামী ঐক্যজোট এবং শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রাঙ্গুনিয়া: মরিয়মগর চৌমুহনী এলাকায় হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে গোলাগুলির সময় চট্টগ্রাম কাপ্তাই সড়কে সিএনজি অটোরিক্সা চালক মোহা্ম্মদ রফিক (৩৫) গুলিবিদ্ধ হন। পটিয়া (চট্টগ্রাম): হরতালের ২য় দিনে পটিয়ায় পুলিশ-বিএনপি-আওয়ামী লীগ এর সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয় মামলায় ২ হাজার জনকে আসামি করা হয়েছে। দিনাজপুর: বিরামপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম (৪৫) ও ইউনিয়ন কৃষকলীগ নেতা মামুনুর রশিদ মামুনকে শিবির ক্যাডারেরা কুপিয়ে মারাত্মক আহত করেছে। তাদের দিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ): নাশকতা সৃষ্টির দায়ে পৌরসভা শাখা জামায়াত ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল হাকিম ভুঁইয়াকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আর ১৫দিনের কারাদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম: রৌমারীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে রৌমারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁদপুর: ১৪৪ ধারা ভঙ্গের দায়ে পুলিশ ৬ হরতাল সমর্থককে আটক করেছে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলে সকালে মিছিল বের করে। এদিকে সোমবার শহরের পুরান বাজারে সংঘর্ষে আরজু নিহতের ঘটনায় তার পিতা মুকবুল ঢালী রাতেই অজ্ঞাতনামা ৩-৪শ’ জনকে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। বরিশালে জেহাদী বই সিডিসহ দুই জামায়াত নেতা গ্রেফতার বরিশাল অফিস জানায়, বিমান বন্দর থানা পুলিশ এক জামায়াত নেতার বাড়ি থেকে সোমবার রাতে বিপুল পরিমাণ জেহাদী বই ও সিডিসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরা হলেন, জামায়াত নেতা হাফেজ কবীর ও মাওলানা রাজ্জাক। নরসিংদী:হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে নরসিংদী জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহানের বাসভবন লক্ষ্য করে পর পর দুটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে বোমা দুটির বিস্ফোরণ ঘটলেও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ সময় জেলা ও দায়রা জজ তার বাসভবনে ছিলেন না। বগুড়া:আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মঞ্জুরকে লঞ্ছিত করে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। এসময় উত্তেজিত নেতাকর্মীরা তার মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে স্থানীয় এমপির সহযোগিতায় ইউএনওকে উদ্ধার করে পুলিশ। গতকাল উপজেলার সান্তাহার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। রাজশাহী অফিস:মহানগরীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ৩৫ নেতাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে দুপুর ১২টার দিকে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর ১৪ দলীয় জোট নগরীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও জিরো পয়েন্টে সমাবেশ করেছে। সংঘর্ষের সময় মনিচত্বর এলাকায় পিকেটারদের ইটের আঘাতে দৈনিক আমারদেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সরদার আনিছুর রহমানসহ অন্তত ১২ জন আহত হন। সরদার আনিছকে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করে। এছাড়া দুপুরে নগরীর বিনোদপুর বাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে ফটোসাংবাদিক কাবিল হোসেনসহ অন্তত ১৩ জন আহত হন। আহত ফটোসাংবাদিক কাবিল হোসেন প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ শিবির নেতাকর্মীকে আটক করেছে। সিলেট অফিস:নগরীর জিন্দাবাজারে ককটেল বিস্ফোরণের পর অটোরিকশা ভাংচুর করেছে হরতালকারীরা। চৌহাট্টায় একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা। সিলেট থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে সিলেট নগরীতে হরতাল বিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল অফিস:যানবাহনে ভাংচুর, পটকা বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্যে দিয়ে হরতালের শেষ দিন অতিবাহিত হয়েছে। নগরীর হাসপাতাল রোড ও বিএম কলেজ এলাকায় দুটি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এদিকে হরতালের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু’ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতারা। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। আহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ফয়সাল এবং রেজাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া:আখাউড়ায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে একই সময় সমাবেশ ডাকায় আখাউড়ার পরিস্থিতি উপ্তত্ত হয়ে উঠে। স্থানীয় প্রশাসন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক, বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে। এদিকে হরতালকালে বেলা পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় রেল স্লিপারের উপর টায়ারে আগুন দেয় পিকেটাররা। সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সামনের সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পুলিশের সাথে কান্দিপাড়া রোডে হরতালকারীদের সংঘর্ষ হয় এবং ১৫/২০টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুপুরে শহরের কয়েকটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের শব্দে গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। শিবালয় (মানিকগঞ্জ):শহরের বেউথা রোডে শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। খবর পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের চালক ইউসুফ আলী আহত হন। মির্জাপুর (টাঙ্গাইল):যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম সিকদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি। বিএনপি নেতা ফিরোজ হায়দারের নেতৃত্বে হাঁটুভাঙ্গা থেকে বিশাল একটি মিছিল নিয়ে সোহাগপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে জানাজার নামাজে অংশ নেয়। ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় বেলা ১১টায় নিহতের নিজ গ্রাম লালবাড়ি গ্রামে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোমবার রাতে আলীমের বড় ভাই মজিবর রহামন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ শাহ আলমকে। এছাড়া সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ আরো ২০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতা মন্টুর বাড়িসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। বিএনপি দুপুর ১২টার দিকে মির্জাপুর শহরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সমাবেশ করেছে। গত সোমবার গোড়াইতে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টা পাল্টি মিছিল সমাবেশ এবং হামলার জের ধরে আজাদ গ্রুপ আলীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নারায়ণগঞ্জ: সকাল থেকে বিভিন্ন স্থানে পিকেটিং, সমাবেশ, মিছিল, ভাংচুর, মহাসড়ক অবরোধ ও গাড়িতে আগুন দিয়েছে হরতাল আহবানকারীরা। এসময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ১০ জন। মাদারগঞ্জ (জামালপুর) : উপজেলার পৌর এলাকার বালিজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভরা ১৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার আঃ হান্নান ও মাদারগঞ্জ থানার ওসি আ: আওয়াল বোমাগুলো উদ্ধার করে। ওসি জানান, হাতে বানানো বোমাগুলো হরতালে নাশকতার জন্য নিয়ে আসা হয়েছিল। হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): উপজেলা বিএনপির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের লাশ দাফন করা হয়েছে। দখলপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে লাশ দাফনের পর জানাজায় বিএনপির সাবেক এমপি মোঃ মশিউর রহমান খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আজ বুধবার ঝিনাইদহ জেলায় সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন। বিএনপির একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী আওয়ামী লীগ নেতা আজগর আলী মাস্টারের বাড়িতে ও দখলপুর বাজারের কিছু দোকানে আগুন লাগিয়ে দেয় এবং মালামাল লুটপাট করে। এর আগে সোমবার সন্ত্রাসীদের হাতে আবুল হোসেন চেয়ারম্যানের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার সমর্থকরা হরিণাকুণ্ডু আওয়ামী লীগের অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পিরোজপুর অফিস: হরতাল চলাকালে সকালে শহরের বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের পোল ফেলে রাস্তা বন্ধ করে দেয়া হয়। সকাল ১১টার দিকে হরতাল সমর্থনকারীরা শহরের বড়পোলের কাছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল গাজীর ছোট ভাই মিঠুগাজীকে কুপিয়ে আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ২৫০শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিজিবি টহল দিচ্ছে। জিয়ানগর (পিরোজপুর): অব্যাহত সহিংসতার কারণে উপজেলা বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ৩ প্লাটুন বিজিবি জিয়ানগরে ক্যাম্প স্থাপন করে। গতকাল সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। বাগেরহাট: শরণখোলায় ছাত্রদল- ছাত্রলীগে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে উপজেলা সদরে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ ছিল শিবচর (মাদারীপুর): বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ সদস্য ওয়াহিদ, ছাত্রদল নেতা শহীদ খানসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় গুয়াতলা এলাকা থেকে আরিফ হোসেন ও সোহেল মিয়া নামের ২ জনকে আটক করেছে। জয়পুরহাট: হরতালকে কেন্দ্র করে ২টি ট্রেন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াতের অজ্ঞাত নামা সাড়ে সাতশ’ কর্মীর বিরুদ্ধে মামলা করেছে রেল বিভাগ। গোয়ালন্দ (রাজবাড়ী) :উপজেলার বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ নেতকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আতিয়ার রহমানকে ফরিপুরে এবং বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :গত সোমবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে কুমিল্লা-আখাউড়া রেলওয়ের ইমাম বাড়ী স্টেশনের আউটারের নিকট ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়। পাকুন্দিয়া :সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা সদরসহ সমগ্র পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল ছিল। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছে। সাতক্ষীরা :জেলার তিন উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংবাদিক, আ’লীগ নেতাসহ ৬ জন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জেলার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের ব্যক্তিগত অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। ভাংচুরের ছবি তুলতে গেলে হরতাল সমর্থকরা খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাবিবকে কুপিয়ে জখম করে। হামলাকারীরা এসময় ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। কুমারখালী (কুষ্টিয়া) :আগের দিন সৃষ্ট সহিংসতার কারণে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকে।