বিডিআর হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে না আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫১
বহুল আলোচিত পিলখানা হত্যাযজ্ঞ মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে না। রাজধানীর বখশিবাজার সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মামলার বিচারে নির্মিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে এ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁশলী এ্যাডভোকেট আনিসুল হক ইত্তেফাককে জানান, ‘আমি শুনেছি, রায় সম্পূর্ণ প্রস্তুত হয়নি। এ কারণে কাল (বুধবার) রায় ঘোষণা করবেন না বিচারক। তবে কবে এ রায়ের পরবর্তী দিন ধার্য করা হবে তা বিচারক আজ প্রকাশ্য আদালতে ঘোষণা করবেন।’ রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী এ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল বলেন, রায় প্রস্তুত হয়নি। রায় প্রস্তুত করা একটি বিশাল কর্মকাণ্ড। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তত্কালীন বিডিআর সদর দফতর পিলখানায় নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহী বিডিআর সদস্যরা। এতে বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারের শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। এছাড়াও বিডিআর ও বেসামরিক আরও ১৭ ব্যক্তি নিহত হন।