বানারীপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মী পাঁচ সহোদর জেল হাজতে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫২
বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদের ঘনিষ্ঠ সহযোগী হারুন বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন শাকিল আহম্মেদ খানসহ ৫ সহোদরকে জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ সহোদর শাকিল আহম্মেদ খান, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন খান ফারুক, উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক শাহিন খান, ছাত্রলীগ কর্মী লিটন খান ও রিপন খান হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক মো. মোস্তাফিজুর রহমান তা না-মঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আসামিরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে গত ৮ আগস্ট পবিত্র ঈদুল ফিতরের পূর্বরাতে বাইশারী বাজার থেকে অটোবাইকে গরদ্দার গ্রামের বাড়িতে যাওয়ার পথে হারুন বেপারীকে গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। এতে তার হাত ও পায়ের রগ কেটে যায়। স্ত্রী শ্রাবণী আক্তার সাথী বাদী হয়ে ৫ সহোদরকে আসামি করে মামলা করেন। সম্প্রতি ৪ জনকে বাদ দিয়ে আদালতে শুধু রিপন খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।