দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জুংলিপুরে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামের আবদুল মালেক জোয়ার্দার (৪৫) ও লিটন হোসেন (২৫)। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে গুরুতর আহত শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গত মঙ্গলবার খুলনা সার্জিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার চরগ্রামের ছদর উদ্দীনের পুত্র। গত ২০ অক্টোবর দুপুরে তালা-শালিখা সড়কের নেহালপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী (ফরিদপুর)
বোয়ালমারী-ফরিদপুর সড়কের জয়নগর বটতলায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাভেল শেখ (২৫) নামে একজনের মৃত্যু হয়। জানা গেছে, মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামের পাভেল এবং গ্যাড়াখোলা গ্রামের নাইম হোসেন মোটর সাইকেলযোগে বোয়ালমারী থেকে মধুখালী ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই পাভেল মারা যান। নাইমকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের মোস্তফা চৌকিদারের বাড়ির সামনে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মো. মোসলেম সিকদার (৬৫) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, বশির প্যাদা, মিজানুর রহমান ও কালাম মৃধা। জানা যায়, স্থানীয় প্রযুক্তিতে শ্যালো ইঞ্জিন চালিত দুটো টমটম প্রতিযোগিতা করে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহে গত মঙ্গলবার ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত মঙ্গলবার প্রতিবেশীকে চিতায় দাহ শেষে বাঙ্গালী নদীতে স্নান করতে গিয়ে ডুবে মঞ্জু ঘোষ (১৫) নামে একজন মারা গেছে। সে মহিমাগঞ্জের ঘোষপাড়ার মানিক ঘোষের পুত্র। ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। জানা গেছে, একই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হিমাংশু ঘোষের বৃদ্ধা মা গীতা রানী ঘোষ বার্ধক্যজনিত কারণে মারা গেলে দেওয়ানতলা মহাশ্মশানে তাকে দাহ করা হয়। এরপর সকলের সাথে মঞ্জু বাঙ্গালী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়। পরে একদল ডুবুরি নদীতে নেমে তার লাশ উদ্ধার করে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় (২৫) একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার সকালে আখাউড়া সিলেট বাইপাস রেলপথের তিতাস ব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানান, নিহত যুবক নেশাগ্রস্ত ছিল। তার পরণে লুঙ্গি ও কালো গেঞ্জি ছিল।
