ঝিনাইদহে চরমপন্থিরা ফের মাথাচাড়া দিচ্ছে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৮
ঝিনাইদহ জেলাতে ফের চরমপন্থীরা মাথাচারা দিয়ে উঠেছে। ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় তাদের আনাগোনা দেখা যাচ্ছে। তারা এলাকায় চাঁদাবাজি করছে। হরতাল ও আন্দোলন ঠেকাতে পুলিশ ব্যস্ত থাকায় চরমপন্থিরা সুযোগ নিচ্ছে। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা উপজেলায় গণমুক্তি ফৌজের শীর্ষ কমান্ডার গোয়ালবাড়ে গ্রামের খলিল ও ঝিনাইদহের কোদালে শ্রীরামপুরের সাকি সক্রিয় হয়ে উঠেছে। শেখরা এলাকায় একটি গ্রুপ তত্পরতা চালাচ্ছে। লাঙ্গলবাঁধ এলাকায় কবিরের নের্তত্বে আরো একটি গ্রুপ সক্রিয় বলে জানা গেছে। সোমবার রাতে শৈলকুপার দলিলপুর বাজারে ১৫ - ২০ জনের একদল চরমপন্থি হানা দেয়। তারা বাজারের দোকানে বসা কয়েকজনকে মারপিট করে চলে যেতে বলে। হাসান নামের এক যুবক জানায়, তাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করে বাজার থেকে চলে যেতে বলে। ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম এলাকা ও হরিণাকুন্ডু উপজেলা এলাকাতে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) তত্পরতা রয়েছে। ইতিমধ্যে তারা কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের এক সূত্র জানিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এক শ্রেণির রাজনৈতিক নেতা চরমপন্থিদের আশ্রয় দিচ্ছেন।