সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শিবচরের দত্তপাড়ায় তার বাড়িতে জনতার ঢল নেমেছে। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তার সমাধিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ ঢাকা, মাদারীপুর, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন), স্থানীয় সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাদ যোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর দত্তপাড়ার প্রয়াতের বাড়িতে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় তার বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, কনিষ্ঠ ছেলে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ পরিবারবর্গ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
