জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে চাই

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:২৭
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমরা জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে চাই। যাতে ভবিষ্যত্ প্রজন্ম বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে পারে। পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাই। তিনি বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারস্থ ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আই-ইউটি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরী, শিক্ষা সচিব ড. কামাল আব্দুস নাসের চৌধুরী, ওআইসি’র মহাসচিবের প্রতিনিধি মোহাম্মদ আহম্মেদ জাগহাউল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ১৬টি দেশের ২৯২জন শিক্ষার্থীকে ডিগ্রি ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশের ছাত্র শাহরিয়ার ইসলাম ওআইসির স্বর্ণপদক এবং নাফিউল রশিদ, মুহাম্মদ গোলাম সাবের, ইজাজ মাহমুদ চৌধুরী ও গোমা আলীকে আইইউটি স্বর্ণপদক দেয়া হয়।