হিসাব পরিচালনায় সরকারি ফি’র বাইরে চার্জ নয়

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৬
সঞ্চয়ের মাধ্যমে স্কুল ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং করতে উত্সাহ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ছাত্র-ছাত্রীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করতে ২০১০ সাল স্কুলে ব্যাংকিং শুরু হয়। এর থেকে এ বিষয়ে ব্যাংকগুলো অগ্রগতিও অর্জন করেছে। এ কার্যক্রমকে আরো স্বচ্ছ, সচেতনতামূলক ও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গ্রীন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নীতিমালায় হিসাব খোলার ক্ষেত্রে বয়স, হিসাব পরিচালনার ক্ষমতা, এর প্রকৃতি, হিসাবে ন্যূনতম জমা, সার্ভিস চার্জ , শিক্ষা বীমা, এটিএম কার্ডসহ অন্যান্য বিষয় যুক্ত করার বিধান রাখা হয়েছে। এদিকে স্কুল ব্যাংকিং সংক্রান্ত প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আর প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতে ব্যাংকিং সেবার আওতায় আসে, সে উদ্দেশ্যে ব্যাংকগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করবে বলে বলা হয়েছে নীতিমালায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ছয় থেকে আঠার বছরের কম বয়সী শিক্ষার্থী এ হিসাব খুলতে পারবে। আর হিসাব খুলতে কমপক্ষে একশ টাকা জমা দিতে হবে। এসব হিসাবের বিপরীতে ব্যাংকগুলো এটিএম কার্ড (কেবল ডেবিট কার্ড) ইস্যু করতে পারবে। এর মাধ্যমে সর্বোচ্চ দুই হাজার টাকা তোলা যাবে। তবে অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত বাড়ানো যাবে। স্কুল ব্যাংকিং হিসাব পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো সরকারি ফি ব্যতীত অন্য কোন প্রকার সার্ভিস চার্জ নিতে পারবে না। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা বৃত্তি বা উপবৃত্তির অর্থ জমা রাখতে পারবে।