আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সর্বক্ষেত্রে অবহেলিত এবং বঞ্চনার শিকার। সরকারি অন্যান্য চাকরির মতো আমাদের পদোন্নতি নেই। শুধু সহকারী শিক্ষকগণ পদোন্নতি পেয়ে প্রধানশিক্ষক হতে পারেন। কিন্তু আইনি জটিলতা ও মামলার কারণে ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ রয়েছে। চাকরির বয়স ১৮ পার হলেও পদোন্নতি বন্ধ থাকায় এসব সহকারী শিক্ষক বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকগণ দায়িত্ব পালন করছেন। এতে প্রাথমিক শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে সরকারের প্রশংসনীয় সফলতা থাকলেও প্রধানশিক্ষকের পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারছে না বলেই আমার মনে হয়। তাছাড়া প্রাথমিক শিক্ষকদের ১১ দফা দাবির মধ্যে পদোন্নতি একটি। তাই আইনি জটিলতা ও মামলার জট দূর করে সহকারী শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
মশিউর রহমান, সহকারী শিক্ষক,
৮৮ নম্বর তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ
