সৈয়দপুরে কৃষকরা হলুদ চাষে ঝুঁকছে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৪৫
জেলার সৈয়দপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে হলুদ আবাদে সফল হলেও গত বছরের চেয়ে দাম এ বছর কম। যেভাবে হলুদ চাষ হচ্ছে তাতে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানা গেছে। উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে হলুদের চাষ করেছে কৃষকরা। এ জেলায় মোট ১ লাখ ২৮ হাজার ৫১৫ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে এক ফসলি জমির পরিমাণ ৩০ হাজার ৯৫৫ হেক্টর, দুই ফসলি জমির পরিমাণ ১৫ হাজার ৭৬০ হেক্টর বলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। ধান, পাট, গম ছাড়াও অর্থকরী ফসল হিসাবে তামাক, আলু, আদা, কলা, আখ ও হলুদ চাষ করা হয়। এ জেলার কৃষক যে ফসলের দাম বেশি পায় তখন সে ফসলের দিকে ঝুঁকে পড়ে। কৃষি বিভাগ জানায়, এ বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে হলুদের চাষ করা হয়েছে। জেলার দুই ফসলি জমিতে পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে হলুদ চাষ করা হচ্ছে।