বকেয়া বেতন প্রদানসহ শ্রমিকদের নামে মামলা দায়েরের ঘটনায় গতকাল বুধবার আশুলিয়া শিল্পাঞ্চলের দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকরা জানায়, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বেশ কিছুদিন থেকেই টালবাহানা শুরু করেছে ডিইপিজেড সংলগ্ন হাশেম প্লাজার ইন্ট্রাকো গার্মেন্ট কর্তৃপক্ষ।
এদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার এসইসি সোয়েটার গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা দায়েরসহ পিস রেট কমানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে আশুলিয়া শিল্প পুলিশ।
নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানায়, নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা বুধবার দুপুরে শহরের চাষাঢ়ায় গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। পরে তারা কারখানা খোলার দাবিতে বিকেএমইএ’র সভাপতিকে স্মারকলিপি দেয়। ঘেরাও চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ-এর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, নাজমুল হাসান খান নান্নু, জীবন সাহা প্রমুখ।
বিকেএমইএ’র পরিচালক ও লেবার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
