জিয়ানগরে ১৮ দলীয় জোটের হরতালে সহিংসতার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ছয় শতাধিক বিএনপি-জামায়াত এবং শিবির নেতা-কর্মীকে আসামি করে ইন্দুরকানী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে মামলা তিনটি দায়ের করা হয়।
যুবলীগ কর্মী স্বপন শীল হত্যার ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর সেপাই বাদী হয়ে বালিপাড়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে প্রধান আসামি করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বিএনপি নেতা আবুল কালাম শিকদার, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, সেক্রেটারি মাওঃ আঃ হাই, জামায়াত নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা নান্নু পঞ্চায়েত, দুলাল ফকির, শিবির নেতা রাতুল পঞ্চায়েতসহ এজাহারে উল্লিখিত ৫৭ এবং অজ্ঞাত ৪ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। অপরদিকে যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী ও সাঈদীর মামলার বাদী মাহবুবুল আলমের বাড়িতে ভাংচুরের ঘটনায় মাহবুবুল আলম বাদী হয়ে বালিপাড়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে প্রধান আসামি করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাকসহ ১৫ বিএনপি - জামায়াতের নেতা-কর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এছাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাপ্পী মোল্লার রগ কাটার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জামায়াত-বিএনপির ৩৬ জন নেতা-কর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, আমি বালিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে হেয় করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না।
সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল কবির স্বপন জানান, মশিউর রহমান মঞ্জুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, আমাদের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না।
হরতালে সহিংসতায় গ্রেফতার ১৫
জিয়ানগরে হরতালে সহিংসতার ঘটনায় ৩ মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার উমেদপুর এলাকা থেকে রেজাউল ইসলাম, আজম, টেংরাখালী গ্রামের মনির, আঃ মজিদ, আঃ কুদ্দুসসহ ১০জনকে আটক করে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় দুলাল খাঁসহ ৫ জনকে আটক করে বুধবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
