মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা ইসাম আল-এরিয়ানকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। দলটির রাজনৈতিক শাখা জাস্টিস অ্যান্ড ফ্রিডমের দ্বিতীয় শীর্ষ নেতা তিনি। খবর বিবিসির।
গতকাল বুধবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এরিয়ানের গ্রেফতারের খবরটি জানিয়েছে। রাজধানী কায়রোর নিউ কায়রো এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আরিয়ানকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে ব্রাদারহুডের মুখপাত্র জানিয়েছেন। বাসাটিতে আত্মগোপন করে ছিলেন তিনি। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এরিয়ানের গ্রেফতারের খবর প্রচার করলেও বিস্তারিত কিছু জানায়নি। গত জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারের সময় আরিয়ান বলেন, সামরিক অভ্যুত্থান শেষ হওয়ার পর আমি নিশ্চয়ই মুক্তি পাবো। স্থানীয় সংবাদ মাধ্যমে, একটি বিছানার পাশে দুটি বোঝাই ব্যাগ নিয়ে হাঁসিমুখে দাঁড়িয়ে থাকা এরিয়ানের একটি ছবি ছাপিয়ে, গ্রেফতারের সময় তোলা বলে দাবী করা হয়েছে। আগামী সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে।
