মজীনার সঙ্গে আশরাফ ও ফখরুলের পৃথক বৈঠক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫৩
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বুধবার রাত আটটার পর রাষ্ট্রদূত মজীনার গুলশানের বাসভবনে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে মজীনার সঙ্গে একান্তে বৈঠক করেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা ৬টার দিকে মজীনার বাসায় যান। সেখানে তিনিও প্রায় এক ঘণ্টাব্যাপী একান্তে বৈঠক করেন। কূটনৈতিকসূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দলের মধ্যে সংলাপের বিষয়ে মজীনার সঙ্গে দুই নেতার আলোচনা হয়। কূটনৈতিকসূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা দুই সপ্তাহের জন্য ব্যক্তিগত ও সরকারি কাজে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন। মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন।