সরকারি নিয়োগ লাভে চাই সুযোগের সমতা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৩
একজন ছাত্র বা ছাত্রী তার সম্পূর্ণ শিক্ষাজীবনে একটা পরীক্ষার ফলাফল খারাপ করতে পারে। সেটা হোক তার নিজের অবহেলার কারণে বা পারিপার্শ্বিক কারণে। সে যে কারণে খারাপ করুক না কেন সেটাই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সে নিজে হয়তো জানে না, এই ভুলের মাশুল তাকে দিয়ে যেতে হবে পুরোটা জীবন। তার সম্পূর্ণ শিক্ষাজীবনে একটা তৃতীয় বিভাগ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সরকারি নিয়োগ পরীক্ষা বিসিএসে অংশগ্রহণ করতে পারছে কিন্তু সরকারি নন-গেজেটেড প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। বাংলাদেশের সংবিধানের ‘২৯’ অনুচ্ছেদে বলা হয়েছে, “প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে”। এখন আমার প্রশ্ন হলো, যারা নিয়োগ পাচ্ছে তাদের নিয়োগ কি শুধু তাদের শিক্ষাজীবনের ফলাফলের ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে? জানামতে, সকলকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং শুধু নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগপ্রাপ্ত হন। যিনি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, তিনি কি শুধু তার স্নাতক/স্নাতকোত্তর পঠিত বিষয়সমূহ পড়ে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন? কিছু কিছু নিয়োগ আছে যার যার নিজস্ব পঠিত বিষয়ের ওপর হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। তাহলে কেন একজন ছাত্র বা ছাত্রী তার সম্পূর্ণ শিক্ষাজীবনে একটি তৃতীয় শ্রেণি নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাই। জিয়া, খিলগাঁও, ঢাকা