কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা বাজারে তিনতলা পরিত্যক্ত ভবন ধসে পড়ার আতংকে রয়েছে এলাকাবাসী। যে কোন সময় এ ভবনটি ধসে পড়লে অনেক লোকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ১৯৪৪ সালে উপজেলার ধলঘাট ইউনিয়নের সুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ১৯৭৭ সালে সুতুরিয়া বাজারে স্কুল কাম সাইক্লোন সেল্টারটি নির্মাণ করা হয়। পুনঃনির্মাণের পর ঐ সাইক্লোন শেল্টারে পড়াশুনার কার্যক্রম এবং ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হয় এ ভবনেই। ভবনটি ইতিমধ্যে ছাদের বড় বড় অংশ ভেঙ্গ পড়ছে। ২০০৬ সালে এ ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবনটি ভেঙ্গে ফেলার কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সুতুরিয়া বাজারের পরিত্যক্ত ভবনের নিচ দিয়ে বাজারের লোকজনের চলাচল ছাড়াও স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে। ভবনটি ভেঙ্গে পড়ে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ নিয়ে এলাকাবাসী ও অভিভাবকরা শংকিত।
ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান, বিষয়টি নিয়ে অনেকবার ওপর মহলে জানানো হলে কোন ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের জানান, এ ভবনটি সরিয়ে নিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে। নির্দেশ পেলেই ভেঙ্গে ফেলার কার্যক্রম শুরু হবে।
