দলীয় নেতাদের মতভেদের কারণে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের দীর্ঘ ১১ মাস পরও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। একইভাবে গঠন করা হয়নি সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এর আগে পৃথকভাবে সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে পালন করা হয় না কেন্দ্র ঘোষিত জাতীয় ও স্থানীয় দলীয় কর্মসূচি। এ অবস্থায় এখানকার দলীয় নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। দলীয় নেতা-কর্মীদের দাবি- উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। কমিটিগুলো গঠন না করা ও দলের কার্যক্রমে স্থবিরতার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু জাফর টিপু একে অপরকে দায়ী করেছেন।
