ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘোড়াশাল পৌর কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:১৭
নিজ বাসভবনে স্বামী পরিত্যক্তা এক মহিলাকে আটকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পলাশ থানা পুলিশ পৌর কাউন্সিলর মো. জহিরুল হক মোল্লাকে গ্রেফতার করেছে। গত বুধবার পলাশের দড়ি হাওলাকান্দা পাড়া গ্রামে কাউন্সিলরের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। পলাশ বিএডিসি মোড় সংলগ্ন রহমান সাহেবের বাড়ির ভাড়াটিয়া পলি রানী দে (২৮) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলাকে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল হক মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ আছে এই মর্মে বাসায় যেতে বলে। পলি রানী সরল বিশ্বাসে পরদিন ৩০ অক্টোবর দুপুরে কাউন্সিলর জহিরুলের বাসায় গেলে জহিরুল তাকে ৩ তলার একটি রুমে নিয়ে যায়। সেখানে দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিত্কারে লোকজন পুলিশকে খবর দিলে পলাশ থানা পুলিশ তাকে উদ্ধার এবং তার মুখে বিস্তারিত শুনে কাউন্সিলর জহিরুল হক মোল্লাকে আটক করে। তাকে নরসিংদী আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। পলাশ থানায় মামলা হয়েছে।