সালিশী সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখবে : আইনমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:৫৩
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা ব্যবসায়ী ও বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যা চূড়ান্ত বিশ্লেষণে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। আমাদের দেশে আরবিট্রেশন (সালিশি) বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, এ বিষয়ে সক্ষমতা অর্জন অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি। বৃহস্পতিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত দুই সপ্তাহব্যাপী আরবিট্রেশন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার মামলার দ্রুত নিষ্পত্তি বিষয়ে অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। তিনি বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য, উন্নয়ন ও গণতন্ত্র এই তিনটি বিষয়ে সহায়তা প্রদান করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই স্বল্প উন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণ ঘটবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকিয়া এ রহমান। তিনি বলেন, আদালতগুলো মামলায় ভারাক্রান্ত এবং ব্যবসাবান্ধব নয়। এ পরিস্থিতিতে বিয়াক ব্যবসাবান্ধব বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণ ও এ সংক্রান্ত প্রশিক্ষিত জনবল সৃষ্টিতে মূল্যবান অবদান রাখছে। বিভিন্ন পেশার সর্বমোট ৮০ জন প্রশিক্ষণার্থী দুই ভাগে এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।