পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি মামলার অধিকতর তদন্তে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি হিসেবে ফের কানাডা গেলেন অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার রাতে তিনি কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো দুদক টিম কানাডা গেল। কানাডার আদালতে মামলার শুনানির সময় দুদক প্রতিনিধি আনিসুল হকের আদালতে উপস্থিত হওয়ার সুযোগ থাকলেও পদ্মা সেতু দুর্নীতির কোন নথিপত্র পাওয়ার নিশ্চয়তা দেয়নি কানাডা সরকার। কানাডার আদালতের নিষেধাজ্ঞার কারণেই এ তদন্তের কোনো নথিপত্র দুদককে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
তবে কানাডায় রওনা হওয়ার আগে অ্যাডভোকেট আনিসুল হক তথ্য প্রমাণ সংগ্রহ করার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, একই অভিযোগে কানাডার একটি আদালতে একটি মামলা চলছে। মামলাটির শুনানি ১ নভেম্বর ওই দেশের আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সময় শুনানিতে উপস্থিত থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা যাবে। তিনি বলেন, এবার পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে।
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সেতু বিভাগের সচিবসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে প্রায় এক বছর হলো। কিন্তু পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে তদন্ত কাজ স্থবির প্রায়। কারণ আসামিদের বিরুদ্ধে দুদক কার্যত এখনও প্রমাণ সংগ্রহ করতে পারিনি। একমাত্র কানাডা থেকে যথেষ্ট তথ্য-প্রমাণ পেলেই তদন্ত কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে দুদক মনে করছে।
পদ্মা সেতু দুর্নীতির ঘুষের তালিকা তৈরি করার অভিযোগে কানাডায় গ্রেফতার হয়েছিলেন এসএনসি লাভালিনের কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইল। গ্রেফতারের পর তারা এখন জামিনে রয়েছেন। কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে তাদের বিচার চলছে। সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দুই দফা তারিখ পরিবর্তনের পর ৯ সেপ্টেম্বর প্রাক-শুনানি হওয়ার কথা থাকলেও তখনও প্রাক-শুনানি হয়নি। পরে ১৯ সেপ্টেম্বর আদালতে ১ নভেম্বর প্রাক-শুনানির দিন নির্ধারণ করা হয়। কানাডার আদালতের নিয়মানুসারে কোনো অভিযোগ চূড়ান্ত বিচারে যাবার আগে তার প্রাক-শুনানি হতে হয়।
বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ কানাডার আদালতে উপস্থাপন করা হয়েছে। ১ নভেম্বর আদালত তার ব্যাপারে মামলা চলবে কিনা তা নির্ধারণ করবে। তারই ধারাবাহিকতায় ১ নভেম্বর সকলপক্ষের আইনজীবী আদালতে এসে মামলা কিভাবে অগ্রসর হবে তা নির্ধারণ করবেন।
