প্রোভিসির অধীনে ভর্তি পরীক্ষা নিতে চায় শিক্ষক সমিতি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট শুরু হচ্ছে। সকল ক্লাস, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দীন গণিত বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষা যেহেতু একটি জাতীয় ইস্যু সে কারণে আমরা একে আন্দোলনের বাইরে রাখতে চাই। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এমএ মতিনের অধীনে নেয়ার জন্য লিখিতভাবে দায়িত্ব দিলে শিক্ষক সমিতি তাতে সাহায্যে করবে। উল্লেখ্য, আগামী পাঁচ নভেম্বর রাত ১২টায় শেষ হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা এবং আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।